November 10, 2026, 4:05 am
পল্লী জনপদ ডেস্ক :
পটুয়াখালীর বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার স্বপ্নের ‘বগা সেতু’ আলোর মুখ দেখেনি আজও। জনমনে বাড়ছে ক্ষোভ। পটুয়াখালীর লোহালিয়া নদীর বগা পয়েন্টে একটি সেতুর অভাবে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলার প্রায় ১৬ লাখ মানুষ দেশের সার্বিক উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছেন। ফেরি ও ট্রলারে পারাপারে সময় নষ্টের পাশাপাশি নানামুখী ভোগান্তি পোহাচ্ছে বিভাগীয় শহর ও রাজধানীগামী লাখো যাত্রীরা।
তিন উপজেলার মানুষের বহু বছরের লালিত স্বপ্ন বগা সেতু নির্মাণ হবে। দক্ষিণবঙ্গ থেকে এখন রাজধানীতে যেতে বগা ছাড়া অন্যকোথাও ফেরি পারাপার হতে হয় না।
এ অঞ্চলের ভুক্তভোগী জনগণ ও সংশ্লিষ্টরা জানায়, জেলা শহরের সাথে বাউফল, দশমিনা ও গলাচিপা উপজেলাকে বিভক্ত করেছে লোহালিয়া নদী। প্রতিদিন এই নদীর বাউফল উপজেলার বগা পয়েন্টের ফেরি পারাপার হয়ে জেলা, বিভাগ ও রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে চলাচল করে হাজার হাজার যানবাহন। প্রতিনিয়ত ঘণ্টার পর ঘণ্টা ফেরি ঘাটে আটকে থেকে ব্যাহত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।
অন্যদিকে ট্রলারে করে এই নদী পাড় হতে নানা ধরনের ভোগান্তিতে পড়ছে মানুষ। জেলার ভিতর সবচেয়ে বৃহৎ এবং গুরুত্বপূর্ণ উপজেলা বাউফল। এই উপজেলাতে রয়েছে দেশের প্রাচীনতম বাণিজ্যিক এলাকা কালাইয়া ও কালিশুরি বন্দর। এই বাণিজ্যিক এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন পণ্য সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যায় শতশত গাড়ি ও মাঝারি আকৃতির ট্রাক। এছাড়াও বাউফল-ঢাকা মহাসড়ক দিয়ে বগা ফেরি হয়ে রাজধানীতে চলাচল করে দশমিনা ও গলাচিপা উপজেলার বহু যাত্রী ও পণ্যবাহী যানবাহন।
ফেরির এক যাত্রী জানান, ‘দশমিনা, গলাচিপা ও বাউফল- এই তিন উপজলার দৈনিক ১০-১২ হাজার যানবাহন এই ফেরি দিয়ে চলাচল করে। অনেক ভোগান্তি হয়। অনেক সময় রোগী নিয়ে এসে এই প্রান্তে বসে থাকতে হয় আর ফেরি থাকে ওই প্রান্তে। এই ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই। দেশে কত বড় বড় সেতু হয়। আর আমাদেরটা সে তুলনায় ছোট সেতু। এটি আমাদের স্বপ্নের সেতু।
একজন বাস চালক বলেন, বগা ব্রিজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা অনেক সময় যখন লং জার্নি করে রাত্রে আসি তখন এই ব্রিজের অভাবে ফেরির অপেক্ষায় দুই থেকে তিন ঘন্টা বসে থাকি। অনেক সময় ইমার্জেন্সি রোগী আসে কিন্তু ফেরির জন্য দ্রুত পার হতে পারে না। এছাড়া বরিশাল বিভাগে আর ফেরি নাই। তাহলে কেন আমাদের বগায় ফেরি থাকবে। এরকম বিভিন্ন ভোগান্তি থেকে রক্ষা পেতে আমাদের বগা সেতু প্রয়োজন। সরকার এটি করলে আমরা তিন উপজেলার মানুষ উপকৃত হবো।
বগায় সেতুটি নির্মাণের জন্য দীর্ঘদিন যাবত দাবী জানিয়ে আসছে এ অঞ্চলের মানুষ। এটি নির্মাণ হলে এ অঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তার পাশাপাশি রাজধানী ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। এমনকি এখানকার কৃষিপণ্য ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যাবে।
Leave a Reply