আজ শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
পল্লী জনপদ ডেস্ক॥
দেশব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতৃবৃন্দরা বরিশাল বিভাগে পদযাত্রা করছেন। এর অংশ হিসেবে চরমোনাই পিরের দরবার পরিদর্শন করেছেন তারা।
সোমবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি চরমোনাই পৌঁছায়। এ সময় চরমোনাই মাদ্রাসার হাজার হাজার ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান।’
কে এম শরিয়ত উল্লাহ রাত সাড়ে ১১টায় জানান, নাহিদ ইসলামসহ অন্যরা রাত ১১টায় বরিশাল নগরীতে ফিরে গেছেন। সারজিস আলম চরমোনাইতে রাতযাপন করবেন। তিনি জানান, অতিথিরা চরমোনাইর মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন।
চরমোনাই দরবারে পৌঁছালে তাদের স্বাগত জানান ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, সহ-প্রচার ও দাওয়াহ সম্পাদক কেএম শরীয়াতুল্লাহ এবং অন্যান্য কেন্দ্রীয়, মহানগর ও জেলা নেতৃবৃন্দ।
পরে এনসিপির প্রতিনিধিরা ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম জুলাই গণঅভ্যুত্থানে মাদ্রাসা ছাত্রদের সাহসিক ভূমিকার কথা স্মরণ করেন।
নাহিদ ইসলাম বলেন, ‘এনসিপি আসন ভাগাভাগির রাজনীতি করে না, বরং বিচার ও সংস্কারের মাধ্যমে জনগণের কল্যাণে কাজ করতে চায়।’ জুলাই পদযাত্রায় আমরা যে এলাকাতেই যাচ্ছি সেখানকার ঐতিহাসিক স্থান কিংবা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান পরিদর্শন করছি। সেই ধারাবাহিকতায় আজ আমরা চরমোনাইতে এসেছি।
এসময় মুফতি ফয়জুল করীম বলেন, ‘জুলাই অভ্যুত্থানে প্রথম রাজপথে নেমেছিল চরমোনাই মাদ্রাসার ছাত্ররা। ৫ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজপথে নেমে আন্দোলনে একাত্মতা ঘোষণা করে।’
বক্তব্য শেষে শায়েখে চরমোনাই এনসিপি নেতাদের টুপি পরিয়ে দেন এবং সবাই মিলে রাতের খাবার গ্রহণ করেন।
আগামীতে একসঙ্গে নির্বাচন করবেন কিনা এ প্রশ্নে ফয়জুল করিম বলেন, দেশের যেকোনো ভালো ইস্যুতে তাঁরা একসঙ্গে পথ চলবেন। সেটা নির্বাচন কিংবা যেকোনো বিষয় হতে পারে।
এনসিপির প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সারজিস আলম, যুগ্ম মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সাকিব মাহাদী ও সাদিয়া ফারজানা দিনা
যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মাহমুদা আলম মিতু, কেন্দ্রীয় সদস্য সানাউল্লাহ, হাছিব আর রহমান ও আলামিন টুটুল প্রমুখ।
এই সফরের মধ্য দিয়ে এনসিপির পক্ষ থেকে ধর্মীয় নেতৃত্বের প্রতি শ্রদ্ধা, পারস্পরিক রাজনৈতিক সৌহার্দ্য এবং ঐক্যবদ্ধ সামাজিক ভূমিকার একটি শক্তিশালী বার্তা পৌঁছে দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, আজ মঙ্গলবার দুপুরে ভোলায় এবং বিকেলে বরিশাল নগরীতে এনসিপির পথযাত্রা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিতে অংশ নিতে এনসিপির শীর্ষ নেতারা সোমবার রাতে বরিশাল নগরীতে পৌঁছেছেন।