আজ শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

Logo
শিরোনামঃ
রাত পোহালেই ভোট, অপেক্ষায় দেশ বিজয় উদযাপনের প্রস্তুতি নিন : ভিপি নুরুল হক নুর নির্বাচনকালীন সাংবাদিকদের ভোটাধিকার নিশ্চিতের দাবিতে নির্বাচন কমিশনে বিএমএসএফের স্মারকলিপি প্রদান ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন গুপ্ত সংগঠনের নেতারা ভুয়া সিল ছাপাচ্ছে, জাল ব্যালট পেপার ছাপাচ্ছে : তারেক রহমান পে স্কেলের দাবিতে বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত বরিশাল টিটিসি’র কর্মচারিদের অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালিত নির্বাচন সুষ্ঠু হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ মুফতী ফয়জুল করীমের এবার হবে বাকেরগঞ্জবাসীর ভাগ্য নির্ধারণের ভোট : মাহমুদুন্নবী ইসলামী মূল্যবোধের সমাজ গঠনেই মিলবে মুক্তি : মাওলানা আবদুল জব্বার
ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন

ত্রয়োদশ সংসদ নির্বাচনের বাকী আর মাত্র ৩ দিন

পল্লী জনপদ ডেস্ক ॥

শেষ মুহূর্তে উৎসবমুখর পরিবেশে চলছে ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। ভোটের বাকী আর মাত্র ৩ দিন। সারাদেশের আনাচে-কানাচে এখন নির্বাচনী উৎসবের আমেজ। রাজধানী থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলের মাঠ-ঘাট এমনকি চায়ের দোকান-সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু এখন নির্বাচন। ভোটারদের দ্বারে দ্বারে বারে বারে যাচ্ছেন প্রার্থী এবং কর্মি-সমর্থকরা।

নির্বাচনী উত্তাপ এখন তুঙ্গে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে শেষ মুহূর্তে সর্বোচ্চ ভোট টানার চেষ্টায় ব্যস্ত রাজনৈতিক দলের প্রার্থী ও কর্মী-সমর্থকেরা। সকাল থেকে গভীর রাত পর্যন্ত বাড়ি বাড়ি, পাড়া-মহল্লা, হাটবাজার এমনকি ধর্মীয় উপাসনালয়ে গিয়ে ভোটারদের কাছে নিজেদের বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে। তবে সবচেয়ে বেশি নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে চায়ের দোকানে। টি-স্টলগুলো যেন পরিণত হয়েছে রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে। প্রার্থীরা যাচ্ছেন, ভোটারদের নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন। পক্ষে-বিপক্ষে যুক্তিতর্ক চলছে তুমুলভাবে। ‘চায়ের কাপে ভোটের তাপ’ খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে।

শহর কিংবা গ্রাম- অলিগলি যেন পরিণত হয়েছে প্রচারের খোলা মঞ্চে। সকাল থেকেই প্রার্থীদের গাড়িবহর কিংবা সমর্থকদের লম্বা মিছিল। মাইকিং, পোস্টার, লিফলেট বিতরণের পাশাপাশি সরাসরি ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরছেন তারা। অনেক প্রার্থী নিজেই সাধারণ মানুষের বাড়ির উঠানে বসে মনোযোগ দিয়ে শুনছেন সুখ-দুঃখ, উন্নয়ন ও সমস্যার কথা। কেউ প্রতিশ্রুতি দিচ্ছেন রাস্তা-ঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মান উন্নয়নের, কেউ আবার কর্মসংস্থান ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে বেশি গুরুত্ব দিচ্ছেন। হাটবাজারে ভোটের প্রচার তুঙ্গে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে প্রার্থীরা হাত মেলাচ্ছেন, হাসিমুখে কুশল বিনিময় করছেন, কেউ কেউ ছোট সমাবেশ করে বক্তব্যও দিচ্ছেন। ধর্মীয় উপাসনালয়কেন্দ্রিক প্রচারও চোখে পড়ছে। নামাজ, প্রার্থনা বা উপাসনা শেষে সাধারণ মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করছেন প্রার্থীরা। কেউ কেউ নৈতিকতা, শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে ভোটারদের আস্থা অর্জনের চেষ্টা করছেন। তবে এ ক্ষেত্রে আচরণবিধি মেনে চলার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবারের প্রচারে ভিন্ন মাত্রাও যোগ করেছেন কিছু প্রার্থী। সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভ প্রচার, ছোট ভিডিও বার্তা, এমনকি গ্রাফিক্স ও গান ব্যবহার করে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চলছে। তরুণ ভোটারদের কাছে পৌঁছাতে অনলাইন প্ল্যাটফর্মকে গুরুত্ব দিচ্ছেন অনেকেই। কেউ কেউ সাইকেল বা মোটরসাইকেল র‌্যালি, পথনাটক কিংবা স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমের মাধ্যমে নিজেদের আলাদা করে তুলে ধরছেন।

এবার তরুণ ভোটারদের কাছে টানতে নানামুখী প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। নারী ভোটারদের কাছে পৌঁছাতেও বাড়তি উদ্যোগ দেখা যাচ্ছে। উঠান বৈঠক, নারী সমাবেশের মাধ্যমে শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও কর্মসংস্থানের বিষয়গুলো তুলে ধরা হচ্ছে। নারী কর্মীরাও ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়ার কাজে সক্রিয় ভূমিকা রাখছেন। এতে নির্বাচনি প্রচারে অংশগ্রহণের পরিধি আরও বিস্তৃত হয়েছে। নির্বাচন বিশ্লেষকদের মতে, শেষ সময়ের এই জোরালো প্রচার ভোটের ফলাফলে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। বিশেষ করে দ্বিধাগ্রস্ত ভোটারদের মন জয় করতে পারলে ফল বদলে যেতে পারে। সব মিলিয়ে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে ঘিরে শেষ মুহূর্তের প্রচার এখন চূড়ান্ত পর্যায়ে। ব্যস্ত সময়ের মধ্যেই প্রার্থী ও কর্মীরা চেষ্টা করছেন প্রতিটি ভোটারের দরজায় পৌঁছাতে।

শেয়ার করুন

© All rights reserved © 2017
Developed By

Shipon