November 23, 2026, 4:39 am
পল্লী জনপদ ডেস্ক :
আধুনিকতার ছোঁয়ায় এবং সময়ের পরিক্রমায় ঢেঁকি আজ প্রায় বিলুপ্তির পথে। দেশের গ্রামীণ জনপদে চাল, চালের গুঁড়া ও আটা তৈরির প্রধান মাধ্যম ছিল এই ঢেঁকি। রাইস ও ফ্লাওয়ার মিলের দাপটে গ্রাম থেকে হারিয়ে যাচ্ছে শত বছরের এই ঐতিহ্য। সঙ্গে হারিয়ে যাচ্ছে ঢেঁকিছাঁটা চাল, লোকজ গান আর নবান্নের সেই প্রাণবন্ত স্মৃতিও। ধান ভানাকে শুধু গৃহস্থালির কাজ হিসেবে দেখা হতো না, এর সঙ্গে যুক্ত ছিল পারস্পরিক সহযোগিতা, লোকসংগীত ও গ্রামীণ সংস্কৃতি। এখন সেসব দৃশ্য অনেকটাই স্মৃতির অংশ হয়ে গেছে। ফলে ঘরের কোণে পড়ে থাকা পুরোনো ঢেঁকিগুলোও একে একে হারিয়ে যাচ্ছে।
বাংলার গ্রামীণ নারীরা ধান, হলুদ, মটরশুঁটি, ডাল ভাঙ্গা ও পিঠা তৈরির জন্য চালের গুঁড়া করার জন্য ঢেঁকি ব্যবহার করতেন। কিন্তু আবহমান বাংলার ঐতিহ্য ঢেঁকি এখন আর আগের মতো চোখে পড়ে না।
এক সময় ঐতিহ্যবাহী ঢেঁকি ছিল গ্রামবাংলার প্রতিটি বাড়িতে। ভোরের আজানের পাশাপাশি মা-চাচিদের ধান-চাল ভাঙ্গা ঢেঁকির ‘ঢেঁকুর ঢেঁকুর’ শব্দ ছড়িয়ে পড়ত গ্রামবাংলার চারদিকে। কিন্তু এখন সেই শব্দ আর কানে আসে না। অথচ একদিন ঢেঁকি ছাড়া গ্রাম কল্পনা করাও কঠিন ছিল। যেখানে বসতি সেখানেই ঢেঁকি। কিন্তু কালের বিবর্তনে ও আধুনিক যন্ত্রের আবির্ভাবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি আজ হারিয়ে যাচ্ছে।
এক সময় উপজেলায় প্রতিটি গ্রামে অগ্রহায়ণ মাস আসলেই আমন ধান ঘরে তুলে নবান্ন উৎসবসহ বিশেষ বিশেষ দিনে পিঠাপুলি খাওয়ার জন্য অধিকাংশ বাড়িতে ঢেঁকিতে চালের গুঁড়া তৈরি করা হত। সে সময় গ্রাম্য বধূদের ধান ভাঙ্গার গান আর ঢেঁকির ছন্দময় শব্দে চারিদিকে হৈচৈ পড়ে যেত। বর্তমানে ডিজিটাল যুগে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে গিয়ে আধুনিক যন্ত্রপাতির কাছে ম্লান হয়ে গেছে আগেকার দিনের সেই ঐতিহ্যবাহী ঢেঁকির ব্যবহার। দিন দিন ঢেঁকি শিল্প বিলুপ্ত হলেও একে সংরক্ষণের আর কোনো উদ্যোগ নেই বললেই চলে।
অনেক সময়ে কবি-সাহিত্যিকগণ ঢেঁকি কে নিয়ে অনেক কবিতা ও গান লিখেছেন।
“ও বউ ধান ভানে রে/ঢেঁকিতে পাড় দিয়া/ঢেঁকি নাচে বউ নাচে/হেলিয়া দুলিয়া/ও বউ ধান ভানে রে…।”
গ্রামবাংলার নববধূ, তরুণী ও কৃষাণীর কণ্ঠে এ রকম গান এখন আর শোনা যায় না। গানটি একসময় খুবই জনপ্রিয় ছিল। অনেকের কাছে এখনও প্রিয়। প্রচলিত প্রবাদ আছে- ‘ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে।’ ঢেঁকিকে নিয়ে অনেক গান ও প্রবাদ যেমন প্রচলিত আছে, আবার তেমনি তৎকালীন কবি-সাহিত্যিকেরাও তাদের লেখনীতে তুলে ধরেছেন প্রাচীন ঐতিহ্যের বহু কথা।
অগ্রহায়ণ-পৌষ মাসে ঘরে আসে নতুন ধান। শুরু হয় তখন নতুন চাল ও চালের গুঁড়া তৈরির কাজ। সেই চালের গুঁড়া থেকে পিঠা-পুলি, ফিরনি-পায়েস তৈরি করা হতো। চালের রুটি-মাংসের ঝোল এই সময়টাতে উৎসবের আমেজ সৃষ্টি করত। আর এসবের আয়োজন হতো ঢেঁকিতে।
এ ছাড়াও নবান্ন উৎসব, বিয়ে, ঈদ ও পূজায় ঢেঁকিতে ধান ভেনে আটা তৈরি করা হতো। ঢেঁকির ধুপধাপ শব্দে মুখরিত ছিল বাংলার জনপদ। কিন্তু এখন ঢেঁকির সেই শব্দ শোনা যায় না। শহরে তো বটেই, আজকাল অনেক গ্রামের ছেলেমেয়েরাও ঢেঁকি শব্দটি শুনেছে, কিন্তু ঢেঁকি দেখেনি। কান চেনে না ঢেঁকির শব্দ। কাকডাকা ভোরে ঢেঁকির ছন্দময় শব্দে ঘুম ভাঙত বাড়ির মানুষের। আজ সেই ছন্দময় জীবন নেই গ্রামের।
হাজার বছরের ঐতিহ্য ছিল ঢেঁকি। গ্রামাঞ্চলে প্রায় বাড়িতেই একটি করে ঢেঁকিঘর ছিল। গৃহস্থবাড়ির নারীরা ঢেঁকির মাধ্যমে চাল তৈরির কাজে ব্যস্ত সময় কাটাতেন। তখন কদরও ছিল এর। গরিব নারীরা ঢেঁকিতে শ্রম দিয়ে আয়রোজগারের পথ বেছে নিতেন। ঢেঁকিতে কাজ করাই ছিল দরিদ্র নারীদের আয়ের প্রধান উৎস। ধানকলের ব্যাপকতায় এই ঢেঁকি বিলুপ্ত হওয়ায় পথে। গ্রামের বাড়িগুলোতে এখন ঢেঁকি কালেভাদ্রে চোখে পড়ে।
গ্রামগুলোতে ঘুরেও এখন ঢেঁকির দেখা মেলে না। ঢেঁকি সম্পর্কে জানতে চাইলে অনেকেই জানান, আগে প্রায় সবার বাড়িতে ঢেঁকি ছিল। সেই ঢেঁকিছাঁটা চাল ও চালের পিঠার গন্ধ এখন আর নেই। পিঠার স্বাদ ও গন্ধ এখনো মনে পড়ে। আধুনিক প্রযুক্তির ফলে গ্রামবাংলায় ঢেঁকির ব্যবহার কমে গেছে।
প্রবীণদের মতে, আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে জীবনযাত্রা বদলাবে—এটাই স্বাভাবিক। তবে এর সঙ্গে হারিয়ে যাওয়া লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি ধরে রাখার উদ্যোগও প্রয়োজন। কারণ ঢেঁকি শুধু ধান ভানার একটি কাঠের যন্ত্র নয়, এর সঙ্গে জড়িয়ে আছে গ্রামবাংলার নারীদের শ্রম, পারিবারিক বন্ধন, লোকগান, নবান্ন এবং একসময়ের সরল-স্বাভাবিক জীবনযাত্রা।
Leave a Reply