আজ শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা ইউনিয়নে জামায়াত নেতা মরহুম শহীদ মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাসের রুহের মাগফিরাত কামনায় ইফতার মাহফিল, দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ, ২০২৬) নওমালা ইউনিয়নে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক এবিএম সাইফুল্লাহ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ শহিদুল ইসলাম মৃধা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওমালা ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মকবুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পটুয়াখালী জেলা শাখার সেক্রেটারি মোঃ মাহামুদ হোসেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক পটুয়াখালী জেলা সভাপতি মোঃ কবির হোসেন এবং ঢাকা মহানগর উত্তর তুরাগ থানার কামারপাড়া এলাকার সভাপতি মোঃ ওমর ফারুক সিফাত।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মোঃ ওমর ফারুক সিফাত, যিনি মরহুমের ছেলে-সমতুল্য ভাতিজা, বলেন— মরহুম শহীদ মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস নওমালা ইউনিয়নসহ সমগ্র বাউফল এলাকায় ইসলামী আন্দোলনের কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি সর্বস্তরের মানুষের পাশে থেকে সহযোগিতা করেছেন এবং ইসলামী আদর্শ প্রতিষ্ঠায় আজীবন কাজ করে গেছেন।
তিনি আরও বলেন, মরহুমের আদর্শ ও কর্মের মাধ্যমে নওমালা ইউনিয়নের মানুষের অন্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে প্রতিষ্ঠিত করার একটি শক্ত ভিত্তি তৈরি হয়েছে। তার রেখে যাওয়া অসম্পূর্ণ কাজ যেন সবাইকে সঙ্গে নিয়ে বাস্তবায়ন করা যায়—এ জন্য তিনি সবার কাছে দোয়া কামনা করেন এবং আল্লাহর কাছে মরহুমের জন্য জান্নাতুল ফেরদৌস কামনা করেন।
অনুষ্ঠানে জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের স্নেহের ছোট ভাই মোঃ শহিদুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নওমালা ইউনিয়ন শাখা।
অনুষ্ঠানের আয়োজন করে মাষ্টার মোহাম্মদ ইউনুস বিশ্বাস স্মৃতি ফাউন্ডেশন।