আজ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
পল্লী জনপদ ডেস্ক ॥
রাজধানীর পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের (স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ) সামনে লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামের এক ব্যবসায়ীকে নৃশংসভাবে হত্যা মামলায় গ্রেপ্তার মাহমুদুল হাসান মহিনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। একই ঘটনায় করা অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত রিমান্ডের এ আদেশ দেন।
আদালতের কোতয়ালি থানার প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক তানভীর মোর্শেদ চৌধুরী এ তথ্য জানান।
আদালত সূত্রে জানা যায়, হত্যা মামলায় কোতয়ালি থানার উপপরিদর্শক নাসির উদ্দিন মাহমুদুল হাসান মহিনের ১০ দিন, অস্ত্র মামলায় তারেক রহমান রবিনের পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন একই থানার উপপরিদর্শক মো. মনির। আসামিদের পক্ষে তাদের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত মাহমুদুল হাসান মহিনের পাঁচ দিন এবং তারেক রহমান রবিনের দুই দিনের রিমান্ডের আদেশ দেন।
মামলার বিবরণী থেকে জানা যায়, বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তিন নম্বর গেটের সামনে পাকা রাস্তার ওপর একদল লোক লাল চাঁদ ওরফে সোহাগ নামে এক ভাঙারি ব্যবসায়ীকে পাথর দিয়ে মাথায় আঘাত করে এবং কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে।
এ ঘটনায় নিহতের বড় বোন বাদী হয়ে কোতয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। আর পুলিশ অস্ত্র মামলা দায়ের করে।
এদিকে, রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে এক ব্যবসায়ীকে প্রকাশ্যে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন অঙ্গ সংগঠনের পাঁচজনকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়াদের মধ্যে যুবদলের দুইজন, স্বেচ্ছাসেবক দলের একজন এবং ছাত্রদলের দুইজন নেতাকর্মী রয়েছেন।
তারা হলেন- যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহ-জলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবাহ করিম লাকি; স্বেচ্ছাসেবক দলের কালু ওরফে ‘স্বেচ্ছাসেবক কালু’ এবং ছাত্রদলের চকবাজার শাখার সদস্য সচিব অপু দাস ও মাহমুদুল হাসান মাহিন।
দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এদের আজীবন বহিষ্কার করার সিদ্ধান্ত সংগঠনগুলো পৃথকভাবে নিয়েছে।
বহিষ্কার হওয়া নেতাকর্মীদের মধ্যে যুবদলের দুইজন এবং স্বেচ্ছাসেবক লীগের একজন এ হত্যা মামলার আসামি বলে সংগঠন দুটির পৃথক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।